ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

তিনবার বন্ধ হওয়া নারী বাস ফের চালু

তিনবার বন্ধ  হওয়া নারী বাস ফের চালু
×

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো প্রাঙ্গণ থেকে তোলা - সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:২৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

যাত্রী সংকট ও অব্যবস্থাপনায় অতীতে তিনবার চালুর পর বন্ধ হলেও আবার নামছে নারীদের জন্য বিশেষ বাসসেবা। রাজধানীর ১০টি রুটে আজ বুধবার থেকে চলবে গোলাপি বাস। বগুড়ার দুটি এবং চট্টগ্রামের একটি রুটেও এই সেবা দেওয়া হবে। এসব বাসে নারীচালক এবং সহকারীরা দায়িত্ব পালন করবেন। 

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপো থেকে সংস্থাটির ‘পিংক বাস সার্ভিস’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
১৯৯৮ সালে বিআরটিসি প্রথমবারের মতো নারী বাস সার্ভিস চালু করে। ২০০১ সালে এই সেবা ঢাকা ও আশপাশের এলাকায় সম্প্রসারণ করা হয়েছিল। এরপর প্রায় বন্ধ হয়ে যায় সেবাটি। ২০০৯ সালে আবার এই সেবা পুনরুজ্জীবিত করা হয়। তা ফের বন্ধ হয় ২০১৫ সালে। সর্বশেষ ২০১৮ সালে বিআরটিসির পাশাপাশি পরিবহন সংস্থা র‍্যাংগস ‘দোলনচাঁপা’ নামে নারী বাস সেবা শুরু করে। ২০২২ সালে তা বন্ধ হয়ে যায়। 
চার বছর পর আবার নারী বাস সেবা চালু হচ্ছে ১৪টি বাস দিয়ে। নারী যাত্রীদের জন্য নির্ধারিত এই বাসের চালক ও কন্ডাক্টরদের জন্য নির্ধারিত রয়েছে গোলাপি পোশাক। 
উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে পরিবহন ব্যবস্থাকে ধীরে ধীরে পরিবেশবান্ধব ও আধুনিক করতে সরকার কাজ করছে। ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বাসের ব্যবহার বাড়ানো হবে। নারী যাত্রীদের জন্য ১০০টি গোলাপি রঙের (পিংক) ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসে ৫০টি এবং ছয় মাসে পর্যায়ক্রমে ১০০টি ইলেকট্রিক বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান সম্পদ ব্যবহার করে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় পিংক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। 

সড়ক পরিবহন বিভাগ জানিয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাপি বাস চলবে। ভাড়া অন্যান্য বাসের মতোই, কিলোমিটারে দুই টাকা ২৩ পয়সা।  বিআরটিসির তালিকা অনুযায়ী বাসগুলোর রুট হলো নতুন বাজার  (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল,  নারায়ণগঞ্জ-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর। বগুড়ার শেরপুর-মাটিডালী ও বনানী-মোকামতলা এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও চলবে বাসগুলো।

আরও পড়ুন

×