মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধারে ৯৯৯-এ ফোন, মিরপুর থেকে উদ্ধার
সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২০:২৫
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহণের একটি বাস জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বাসটি উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তার দুজন হলেন–মো. রাসেল (২১) ও লালচান (৩০)। রাসেল মহাখালী বাস টার্মিনালে থাকতেন। আর লালচান তেজগাঁও শিল্পাঞ্চলের তিব্বত এলাকার একটি কারখানায় থাকতেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় জরুরি সেবা–৯৯৯।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়, বুধবার ভোর ৪টার দিকে মাহফুজ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনালে পার্ক করে রাখা ৪০ আসনের এনা পরিবহণের একটি বাস চুরি হয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা জানতে পারেন, বাসটি মিরপুর বেড়িবাঁধে অবস্থান করছে। পরে রূপনগর থানা পুলিশের একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড়ের কাছে বাসটির অবস্থান শনাক্ত করে। পুলিশ বাসটিকে ধাওয়া করে আটক করে। এ সময় বাসে থাকা রাসেল ও লালচানকে গ্রেপ্তার করা হয়।
৯৯৯ সূত্র জানায়, বাসটি চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চুরির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।