ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১০:৩১ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ১০:৪৯
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৪১, মিরপুরে ১২০, গুলশানে ৯৩ এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, চোরাই হিসেবে দুই লাখ ৬৭ হাজার টাকা এবং চার ভরি ১৫ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।