ঢাবিতে ছাত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
ছবি-সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৬:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, তিন নারী শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে থেকে রিকশা নিতে যাচ্ছিলেন। এ সময় সেখানে থাকা কয়েকজন বহিরাগত তাঁদের উদ্দেশে বাজে মন্তব্য করেন। বিষয়টি দেখে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়।
তিনি বলেন, ‘ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কটূক্তির প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা শুরু করে। আমি তাদের থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে আমাকেও কিল-ঘুষি মারতে থাকে।’
শিমুল কুম্ভকার আরো বলেন, ঘটনার একপর্যায়ে ছাত্রদলের একটি মিছিল থেকে কয়েকজন সেখানে এসে হামলাকারীদের সঙ্গে যুক্ত হন। এতে ছাত্র ইউনিয়নের তিন থেকে চারজন নেতাকর্মী মারধরের শিকার হন।
তিনি বলেন, ‘হামলাকারীরা ছাত্রদলের অনুসারী বলে আমরা মনে করছি। তবে তারা বহিরাগত হওয়ায় কারও পরিচয় নিশ্চিতভাবে বলতে পারছি না।’
ভুক্তভোগী তিন ছাত্রী জানান, তাঁরা রাজু ভাস্কর্যের সামনে থেকে রিকশা নিতে গেলে কয়েকজন বহিরাগত তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
এদিকে কটূক্তি ও হামলার ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে প্রক্টর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার চঞ্চল এক বিবৃতিতে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। হামলায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
তবে হামলার সঙ্গে ছাত্রদলের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে শনাক্ত করা যায়নি এবং অভিযোগকারীরাও কোনো ভিডিও ফুটেজ দিতে পারেননি।
তিনি বলেন, ‘অনেকেই ছাত্রদলের নাম ব্যবহার করছেন। কেউ ছাত্রদলের নাম ব্যবহার করে নিজেদের অপকর্ম অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন কি না, তা আমরা খতিয়ে দেখছি। কারা এ ঘটনা ঘটিয়েছেন বা কারা ছাত্রদলের নাম ব্যবহার করেছেন, তা দ্রুত চিহ্নিত করতে প্রক্টর কার্যালয়কে অনুরোধ জানিয়েছি। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো হবে না।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়