ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুড়িলে অপহৃত চিকিৎসককে জঙ্গল থেকে উদ্ধার করল আনসার

কুড়িলে অপহৃত চিকিৎসককে জঙ্গল থেকে উদ্ধার করল আনসার
×

দন্ত চিকিৎসক হাসিবুর হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২০:২০

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহরণের শিকার এক দন্ত চিকিৎসককে উদ্ধার করেছে আনসার সদস্যরা। বুধবার রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে হাসিবুর হাসান (৪৩) নামের ওই দন্ত চিকিৎসককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোড রাস্তার পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসচালক তাকে গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পরই মাইক্রোবাসে থাকা চক্রটি চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে হাত, চোখ, মুখ বাঁধা অবস্থায় জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।

ওই সময় গোঙানির শব্দ শুনতে পেয়ে এলাকায় টহলরত আনসারের একটি দল দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। পরে আনসার সদস্যরা চিকিৎসককে নিরাপদে বাসায় পৌঁছে দেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুন

×