যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক
মিতু আক্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০২:২৭
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি সমকালকে নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক।
তিনি বলেন, থানাহাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতুকে কেরানীগঞ্জ থেকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তিনি থানাহাজত থেকে পালিয়ে যান। পরবর্তীতে টানা ৪০ ঘণ্টার অভিযানের পর রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মিতু যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। তিনি থানায় তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার সকালে কৌশলে গেটের তালা খুলে তিনি পালিয়ে যান। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় থানায় দায়িত্বরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
- বিষয় :
- আসামি