ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৪১৬ বছরে ঢাকা ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা

৪১৬ বছরে ঢাকা ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা
×

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজারও মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন। পুরান ঢাকার বংশাল থেকে তোলা সমকাল

 সমকাল প্রতিবেদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে শেষ হয়।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়।  প্রতিকৃতির মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেট।
শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশে অবদান রাখা ঐতিহাসিক ব্যক্তিদের রূপায়ণ। রানী ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, লীলা নাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রগুলোর আদলে সাজা অংশগ্রহণকারীরা নগরের অতীত ইতিহাসকে জীবন্ত করে তোলেন।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি বাকরখানি, নান্না বিরিয়ানি, বিউটি লাচ্ছির প্রতিকৃতি এবং অতীত যাতায়াত ব্যবস্থার স্মৃতিবাহী স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির প্রদর্শনী পথচলতি নগরবাসীকে মুগ্ধ করে।

আরও পড়ুন

×