মোটরসাইকেলে এসে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিল তিন দুর্বৃত্ত
৯৯৯-এ কল পেয়ে ছুটে গেল পুলিশ, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫২ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০০
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তিন দুর্বৃত্ত। গত রোববার স্বর্ণ বিক্রির কথা বলে ফাঁদ পেতে মোটরসাইকেলে এসে টাকা ছিনিয়ে নেওয়া হয়। ধানমন্ডির ১২ নম্বর রোডে দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
ব্যবসায়ী খোরশেদ আলম ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে স্বর্ণ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি তাঁর গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার সময় তানভীর আবেদীন ওরফে জুঁই নামে এক ছিনতাইকারীকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান এক ব্যক্তি।
ধানমন্ডি থানা পুলিশ গিয়ে জুঁইকে এবং পরে অন্য দুজনকে গ্রেপ্তার করে। তারা হলেন— মজিবুর রহমান ও জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির। তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলভার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৮-১০ জনের চক্র জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনার পেছনে আগে থেকেই পরিকল্পনা ছিল। প্রায় এক মাস আগে খোরশেদ আলমের সঙ্গে জাকিরের পরিচয় হয়। জাকির নিজেকে সাবেক সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে খোরশেদের সঙ্গে স্বর্ণ কেনাবেচার সম্পর্ক তৈরি করেন। পরে তাঁর কাছ থেকে স্বর্ণ কেনার কথা বলে টাকা নিয়ে আসতে বলা হয়।
খোরশেদ ব্যাংক থেকে টাকা তুলছেন— এ তথ্য জানার পর তাঁকে অনুসরণ করে নির্ধারিত জায়গায় পৌঁছানোর প্রস্তুতি নেয় চক্রটি। পরিকল্পনা অনুযায়ী, মোটরসাইকেলে থাকা সদস্যরা তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। টাকা ছিনিয়ে নেওয়ার পর খোরশেদ তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে তানভীর আবেদীন ওরফে জুঁই ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়দের সহায়তায় জুঁই ও মজিবুরকে আটক করে পুলিশ। পরে মজিবুরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে ধরা হয়।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।