ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৮

বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জের পাশাপাশি টেকসই পর্যটন উন্নয়নে অর্থনীতি, পরিবেশ এবং নারীর অংশগ্রহণের গুরুত্ব নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই পর্যটন: অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে ‘রোদসী’।

৭ সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে অনুষ্ঠিত বৈঠকে পর্যটন খাতের পেশাজীবী, বিশেষজ্ঞ, লেখক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোদসীর সম্পাদক ও প্রকাশক সাবিনা ইয়াসমীন।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলা, পর্যটনকেন্দ্রিক উন্নয়নে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পর্যটন শিল্পে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং নেতৃত্বের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অংশ নেন অটর্কি ট্যুরসের সিইও নুরানী শারমিন আফরোজ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক সিইও জাবেদ আহমেদ, টিড্যাবের অ্যাডভাইজার সৈয়দ হাবীব আলী, ঐতিহ্য পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী, ট্রাভেল বাংলা জার্নালের চিফ এডিটর প্রণব সাহা, বাংলা টিভির প্রধান সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল তৌফিক রহমান।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি পর্যটনকেন্দ্রিক উন্নয়নে পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য ও স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, টেকসই পর্যটন নিশ্চিত করতে হলে পরিকল্পিত ও দায়িত্বশীল উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে পর্যটন অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। পর্যটন শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নেতৃত্বের সুযোগও নিশ্চিত করা সম্ভব বলে মত দেন আলোচকরা।

বক্তাদের অভিজ্ঞতা ও মতামতের মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটন খাতের ভবিষ্যৎ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বাস্তবসম্মত দিকনির্দেশনা উঠে আসে।

নারীর সম্ভাবনা, অধিকার ও অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন সমকালীন সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ‘রোদসী’। নারীর অংশগ্রহণ ও নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও জনসচেতনতা তৈরিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় আয়োজিত এ গোলটেবিলের লক্ষ্য ছিল বাংলাদেশের পর্যটন খাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা এবং পর্যটন খাতে নারীদের জন্য নতুন সম্ভাবনা ও অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×