ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এপেক্স গোডাউনে আগুন বৈদ্যুতিক প্যানেল থেকে: ফায়ার সার্ভিস

এপেক্স গোডাউনে আগুন বৈদ্যুতিক প্যানেল থেকে: ফায়ার সার্ভিস
×

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, আগুনে আমাদের ছয়টি ইউনিট কাজ করেছে। দুপুর ১২টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। যে ভবনটিতে আগুন লাগে, সেটি পাঁচতলা। পাঁচতলা ভবনের চারতলায় অবস্থিত এপেক্সের গোডাউনে মূলত আগুনটি লাগে। আগুনে কোনো হতাহত নেই।

তিনি আরও বলেন, ভেতরে এখন আর কোনো আগুনের শিখা নেই। তবে ভেতরে ধোঁয়া রয়েছে। ধোঁয়া সম্পূর্ণ বের করে দেওয়া হলে আমরা পুরোপুরি নির্বাপণ করে ফেলব। আগুন সৃষ্টির প্রকৃত কারণ জানতে আমাদের তদন্ত করতে হবে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘আমরা তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এখানকার লোকজন আমাদের জানিয়েছে, বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে তারা প্রথমে ধোঁয়া দেখতে পায়। প্রথমে তারা নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে নেভানোর চেষ্টা করে। পরে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। তদন্তে আমরা তাদের এ বক্তব্যের বিষয়গুলোও দেখব।’ 

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা ভেতরে গিয়ে দেখেছি। আগুন চারতলাতেই সীমাবদ্ধ ছিল। ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি নয়।

ভবনটির ফায়ার লাইসেন্স ছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কয়েক মাস আগে আবেদন করেছিল। কিন্তু ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।’

এর আগে আজ সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের ওই গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

×