বিশ্বজুড়ে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৬
বিশ্বজুড়ে এযাবৎকালের সবচেয়ে উষ্ণ মাস হিসেবে রেকর্ড গড়েছে গত আগস্ট। একই সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়। পশ্চিম ইউরোপের জন্যও এবারের আগস্ট ছিল রেকর্ড উষ্ণতম গ্রীষ্মের অংশ।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মূল্যায়নে এসব তথ্য উঠে এসেছে। প্যারিস থেকে এএফপি এ খবর জানিয়েছে।
কোপার্নিকাসের তথ্য প্রকাশের পর জাতিসংঘ সতর্ক করে বলেছে, মানবজাতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে না আসা পর্যন্ত পৃথিবী আরও গভীরভাবে অজানা পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।
কোপার্নিকাসের জলবায়ু পর্যবেক্ষণের তথ্যভান্ডারে ১৯৪০ সাল পর্যন্ত তথ্য রয়েছে। তবে বরফের স্তর, গাছের বলয় ও প্রবালের কঙ্কালসহ বিভিন্ন প্রাকৃতিক প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বর্তমান জলবায়ুর পরিস্থিতিকে আরও দীর্ঘ ঐতিহাসিক সময়ের সঙ্গে তুলনা করতে পারেন।
কোপার্নিকাসের তত্ত্বাবধানকারী ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফরকাস্টসের সামান্থা বার্গেস এএফপিকে বলেন, মানুষ বর্তমানে যে ধরনের উষ্ণ তাপমাত্রার মুখোমুখি হচ্ছে, তা আগে কখনো দেখেনি। যুক্তিসঙ্গতভাবে বলা যায়, অন্তত গত এক লাখ বছরে এমন পরিস্থিতি দেখা যায়নি।
কোপার্নিকাসের হিসাব অনুযায়ী, গত আগস্টে বিশ্বের গড় বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্য দিয়ে ২০২৩ সালের জুলাইয়ে রেকর্ড করা আগের সর্বোচ্চ মাসিক তাপমাত্রাকে শূন্য দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে আগস্ট। তবে দুই রেকর্ডের ব্যবধান অত্যন্ত সামান্য হওয়ায় কোপার্নিকাস আগস্ট ২০২৬ ও জুলাই ২০২৩ দুই মাসকেই যৌথভাবে সর্বোচ্চ উষ্ণ মাস হিসেবে বিবেচনা করেছে।
বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ড, বিশেষ করে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একই সঙ্গে চরম আবহাওয়ার তীব্রতা ও সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমার বদলে ২০২৫ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে।
- বিষয় :
- জলবায়ু পরিবর্তন
- গ্রীষ্মকাল
- ইউরোপ