গুলশানে আ.লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৬
রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে গুলশান–১ এ বের করা মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন সমকালকে বলেন, মিছিলের চেষ্টার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মাত্র পৌনে এক মিনিট স্থায়ী ছিল মিছিল। এর মধ্যেই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ছোড়া গুলিতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ওসি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তারা স্লোগান দেন মিছিলে।
পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান–১ এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা চালান। পুলিশ এগিয়ে গেলে তারা ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন মো. আরাফাত ও আব্দুর রহিম। পুলিশ জানায়, তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকশ’ লোক একটি মিছিল বের করেছেন। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে।
- বিষয় :
- ঝটিকা মিছিল
- আওয়ামী লীগ
- ককটেল বিস্ফোরণ