ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে হামলা

আগের দিন রেস্তোরাঁয় চূড়ান্ত বৈঠক, অংশ নেন অন্তত ১৫ জন

আগের দিন রেস্তোরাঁয় চূড়ান্ত বৈঠক, অংশ নেন অন্তত ১৫ জন
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৪৫ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ০০:০৪

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় আবাসন প্রকল্পে হামলার আগের দিন রেস্তোরাঁয় চূড়ান্ত বৈঠক করার ভিডিও পুলিশের হাতে এসেছে। ওই এলাকারই একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বৈঠকে অন্তত ১৫ জন অংশ নেয়। এদের মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্প এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলার ৪ নম্বর আসামি মহিউদ্দিনকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গ্রেপ্তার তিনজনকে গতকাল রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন– মো. মামুন, মুন্না ও আসলাম। 
জামায়াতে ইসলামীর এমপি মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ আরও তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আজ বৃহস্পতিবার তাদের রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।

এদিকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার সব ব্যাংকে চিঠি দিয়ে আধা ঘণ্টার মধ্যে তাঁর হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চাওয়া হয়।

গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও এবং আবাসন প্রকল্পের অফিসসহ কয়েকটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও লুটপাট করে। এলোপাতাড়ি গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। এ ঘটনার পর সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে দাবি করেন, চাঁদা না দেওয়ায় বিএনপির লোকজন তাঁর স্টুডিওতে হামলা চালিয়েছে। তবে পরবর্তীতে চাঁদাবাজির কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি তিনি।

পুলিশ জানায়, তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, চাঁদা দাবি নয়, আবাসন প্রকল্পে ৩৫ কাঠা জমি ও জমির রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে হামলা হয়েছে। জমিতে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখে আবাসন প্রকল্প কর্তৃপক্ষ।

২৭ সেপ্টেম্বর নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। সেখানে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ জানায়, হামলার ঘটনায় গতকাল পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয়জন এজাহারনামীয় আসামি এবং অন্যজনের সংশ্লিষ্টতা থাকার তথ্য তদন্তে উঠে আসে। এর মধ্যে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে বুধবার সেগুনবাগিচায় তাঁর বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান সমকালকে বলেন, বেলা পৌনে ৩টার দিকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়।

এর আগে শনিবার ভাসানটেক বস্তির বাসিন্দা এজাহারনামীয় আসামি মুন্না ও মামুন এবং অটোরিকশাচালক আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার গ্রেপ্তার হন মামলার এক নম্বর আসামি শাহরিয়া মাহমুদ এবং তদন্তে প্রাপ্ত মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা শাহ আলম অনিক। সোমবার কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা ৯ নম্বর আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালতে মুন্না, মামুন ও আসলামের রিমান্ড শুনানি হয়। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর তিন আসামি শাহরিয়া মাহমুদ, অনিক ও মিজানুর রহমান কারাগারে আছেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাদের রিমান্ড শুনানি হবে। 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, গোলাম মহিউদ্দিন চৌধুরীকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। মামলার অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

চাঁদাবাজির ঘটনা ছিল না

আবাসন প্রকল্পে হামলার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, জমি দখলের ঘটনা রাতের অন্ধকারে হয়েছে। ট্রিপল নাইনে ফোন করার পর সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে গেছে। সেখানে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্ত হচ্ছে। হামলার ঘটনায় যিনি বলেছেন মামলা করেছেন, তিনি (সালমান মুক্তাদির) আজ পর্যন্ত মামলা করেননি। যিনি মামলা করেছেন, তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে মামলা করেছেন।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা-সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হামলার ঘটনায় সালমান মুক্তাদির বিএনপিকে দোষারোপ করা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ঢালাও ব্লেম করার জন্য, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটা বিচার করবে জনগণ। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না। তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। 

মন্ত্রী বলেন, নির্মোহভাবে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এখানে যেই জড়িত থাকুক, সে নিউগিনি প্রপার্টিজ হোক অথবা পার্শ্ববর্তী জমির মালিক হোক, তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। আইনগত অ্যাকশন নেওয়া হবে। যে কোনো রাজনৈতিক পরিচয়-নির্বিশেষে অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে।

মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য নিল বিএফআইইউ

নজিরবিহীন দ্রুততার সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যংক হিসাবের তথ্য নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার সব ব্যাংকে চিঠি দিয়ে আধাঘণ্টার মধ্যে এ-সংক্রান্ত তাঁর লেনদেন-সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে বলা হয়। 

সাধারণভাবে কারও হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে তিন থেকে সাত দিন সময় দেয় বিএফআইইউ। তবে একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে সালমান মুক্তাদিরের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। জরুরি ভিত্তিতে তাঁর বিষয়ে তথ্য তলব করা হয়। 

বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের হিসাব খোলার ফরম ও লেনদেন বিবরণী আধাঘণ্টার মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। তাঁর লেনদেন-সংক্রান্ত তথ্য বিএফআইইউর ‘গো এএমএল ম্যাসেস বোর্ডে’ তথ্য দিতে বলা হয়।

বিএফআইইউর একজন কর্মকর্তা সমকালকে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের  সঙ্গে  ‘গো এএমএল’ প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য আদান-প্রদান করে বিএফআইইউ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত। সাধারণভাবে এ রকম তাৎক্ষণিক কোনো সংস্থা রিপোর্ট চাইলে নিজস্ব বিশ্লেষণ ছাড়াই সরাসরি তা সংশ্লিষ্ট সংস্থাকে পাঠানো হয়।

স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালপত্র লুট করার ঘটনায় সালমান মুক্তাদির ফেসবুক লাইভে অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁর স্টুডিওতে হামলা হয়েছে। তাঁর এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল অনেকে প্রতিক্রিয়া জানান। এর মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংকে লেনদেন খতিয়ে দেখার উদ্যোগ নিল সরকার।

আরও পড়ুন

×