ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

টেকসই জ্বালানি ব্যবস্থার পথ খুঁজতে জাতীয় সমীক্ষা

বিদ্যুৎ বিভাগ, এইচএসবিসি ও কার্বন ট্রাস্টের যৌথ উদ্যোগ

টেকসই জ্বালানি ব্যবস্থার পথ খুঁজতে জাতীয় সমীক্ষা
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৭

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আরও টেকসই ও স্থিতিস্থাপক জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের পথ খুঁজতে জাতীয় সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ, এইচএসবিসি বাংলাদেশ ও দ্য কার্বন ট্রাস্ট যৌথভাবে এ সমীক্ষা করবে।

গতকাল মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি উইংয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজার সভাপতিত্বে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এইচএসবিসি ও দ্য কার্বন ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এইচএসবিসি বাংলাদেশ আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সমীক্ষার উদ্দেশ্য হলো অধিক সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কার্যকর পথ খুঁজে বের করা। এতে বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা, ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা যাচাই এবং নবায়নযোগ্য জ্বালানি, শক্তি সঞ্চয় ও অন্যান্য স্বল্প-কার্বন প্রযুক্তি কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখতে পারে, তা মূল্যায়ন করা হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতে, দেশের জন্য ব্যয়-সাশ্রয়ী পরিচ্ছন্ন জ্বালানি সমাধান এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের সম্ভাব্য পথ চিহ্নিত করাও এ সমীক্ষার লক্ষ্য। তথ্য বিশ্লেষণ, অংশীজনদের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সমীক্ষাটি ভবিষ্যতের জ্বালানি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে এবং একটি স্থিতিস্থাপক বিদ্যুৎ খাতে রূপান্তরের রোডম্যাপ তৈরিতে ভূমিকা রাখবে।

দ্য কার্বন ট্রাস্ট জলবায়ু বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক দল। সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও স্বল্প-কার্বন ভবিষ্যতের দিকে রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে। বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান, সরকার, সরকারি খাতের সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তাদের ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

জ্বালানি ও জলবায়ু রূপান্তরসংক্রান্ত সমাধান অনুসন্ধানে সরকার ও সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে এইচএসবিসি এ সমীক্ষায় সহায়তা করছে। সহায়তা ও পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে ব্যাংকটি দ্য কার্বন ট্রাস্টের সঙ্গে অংশীদারত্ব করেছে।

বৈঠকে কে এম আলী রেজা বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সমীক্ষার সূচনা, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশের জ্বালানি মিশ্রণের সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখবে। আমরা দ্য কার্বন ট্রাস্ট এবং এইচএসবিসির সঙ্গে অংশীদারত্বকে স্বাগত জানাই এবং বিদ্যুৎ ব্যবস্থার জন্য আরও সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নির্ভরযোগ্য ও নিরাপদ বাস্তবসম্মত পথ খুঁজে পেতে আশাবাদী।’

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজার চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে বাংলাদেশের জন্য জাতীয় জ্বালানি সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এর অংশীদার হতে পেরে এইচএসবিসি গর্বিত।’

তিনি বলেন, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিস্থাপকতার জন্য জ্বালানি নিরাপত্তা মৌলিক বিষয়। সমীক্ষার মাধ্যমে সরকারকে দূরদর্শী ও টেকসই জ্বালানি কৌশল প্রণয়নে সহায়তার পাশাপাশি দেশে পরিচালিত ব্যাংকের গ্রাহকদের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণে পাশে থাকার আশা করছে এইচএসবিসি।

দ্য কার্বন ট্রাস্টের জ্বালানি রূপান্তরবিষয়ক পরিচালক অ্যান্ড্রু লিভার বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে রূপান্তর, গ্রিড আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি সংহতকরণে আমাদের বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও কার্বনমুক্ত জ্বালানি ভবিষ্যতের কার্যকর পথ নির্ধারণে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে আমরা উন্মুখ।’

আরও পড়ুন

×