ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিট কাপড় আমদানির সুযোগ ফিরল

নিট কাপড় আমদানির সুযোগ ফিরল
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৭

রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির শর্ত সহজ করার পাশাপাশি ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’-এ একাধিক সংশোধনী এনেছে সরকার। এর মধ্যে নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নিটওয়্যার রপ্তানিকারকরা আগের মতো নিট ফেব্রিক আমদানি করতে পারবেন। 

বুধবার সংশোধনী এনে আমদানি নীতি আদেশটি হালনাগাদ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মূল আদেশের ২৫ অনুচ্ছেদের ১২ উপ-অনুচ্ছেদে বলা হয়েছিল, ‘নিট ফেব্রিক আমদানি যোগ্য হবে না।’ রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ও প্রতিযোগিতা সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে এ বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছিল বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিল বিজিএমইএ।

সংশোধিত আদেশে পোশাক খাতের আমদানিতে আরও কিছু শর্ত শিথিল করা হয়েছে। আগের নিয়মে গ্রে কাপড় ছাড়া অন্য কাপড় কেবল ১৮ দশমিক ২৯ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের থানে আমদানি করা যেত। কাটা বা টুকরো কাপড় আমদানির সুযোগ ছিল না। এখন কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরির কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ প্রয়োজন হবে।

এ ছাড়া বিনামূল্যে আমদানির (এফওসি) তালিকায় কটন, ম্যান-মেড ফাইবার ও সিনথেটিক ফেব্রিক্সের পাশাপাশি ‘অন্যান্য উপকরণ’ যুক্ত করা হয়েছে। বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যের কাঁচামালের পরিমাণ এখন ইউডি বা ইউপি অনুযায়ী নির্ধারণ করা হবে।

নতুন বিধানে হোসিয়ারি ও নিটেড পোশাকের জন্য সুতা ও নিটেড কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির শর্তও তুলে দেওয়া হয়েছে। এর আগে ২৫ আগস্ট ঋণপত্র (এলসি) খোলার কড়াকড়ি শিথিল, আমদানি সহজীকরণ ও মুক্ত বাণিজ্য নীতিকে গুরুত্ব দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’ জারি করে সরকার। নতুন নীতিতে বাণিজ্য প্রক্রিয়া আধুনিকীকরণ, ব্যাংকিং জটিলতা কমানো, বিনিয়োগ আকর্ষণ এবং এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×