ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

অ্যানুয়াল পার্টনার্স ওয়ার্কশপ

নগর পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর তাগিদ

নগর পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর তাগিদ
×
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০০:৩৯

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা। বিশেষ করে উন্নয়ন অর্থায়ন সীমিত হয়ে আসায় স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধান বাস্তবায়ন এবং নগর সেবার আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

রাজধানীতে এসএনভি আয়োজিত দুই দিনব্যাপী ‘অ্যানুয়াল পার্টনার্স ওয়ার্কশপ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এসব বিষয় উঠে আসে। গত রোববার শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় গতকাল সোমবার। ‘সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস (এসইউডব্লিউসি)’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় পৌরসভার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এসইউডব্লিউসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মশালায় প্রকল্পভুক্ত পৌরসভাগুলোর অর্জন ও অভিজ্ঞতা পর্যালোচনা, কার্যকর সমাধান বিনিময়, প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন এবং ২০২৭ সালের পর টেকসই সেবা কার্যক্রম অব্যাহত রাখার কৌশল নিয়ে আলোচনা হয়। জলবায়ু সহনশীল নগর উন্নয়নে নতুন অংশীদারত্বের সুযোগ খোঁজার বিষয়টিও গুরুত্ব পায়।

২০২২ সাল থেকে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় দেশের ১২টি পৌরসভা ও সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়ন করছে এসএনভি। এর আওতায় সমন্বিত নগর পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানির নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা জোরদারে কাজ চলছে।

কর্মশালায় এসএনভির কান্ট্রি ডিরেক্টর ইসমেনে স্টালপার্স ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমন ও'কনেল উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাংলাদেশ ব্যাংক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) প্রতিনিধিরা অংশ নেন। সাইমন ও'কনেল বলেন, বর্তমান উন্নয়ন বাস্তবতায় শক্তিশালী অংশীদারত্ব ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বেড়েছে। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল ‘এসইউডব্লিউসি মিউনিসিপ্যাল সলিউশনস মার্কেটপ্লেস’। এতে অংশগ্রহণকারী পৌরসভাগুলো তাদের চলমান উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

আরও পড়ুন

×