ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ

ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
×
×

ছবি- সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০০:৪২

ফ্রান্সে দুই সপ্তাহের ছুটি শেষে শিক্ষার্থীরা স্কুলে ফিরলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় বিক্ষোভের মাত্রা অনেকটাই কমেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সোমবার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ করা হয়েছে। ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্সইনফোর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্যারিস, মার্সেই ও রেন শহরের কয়েকটি স্কুল অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা। এর আগে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ করা হয়েছিল। শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে এখন অবরোধ বা অবরোধের চেষ্টা সীমিত পর্যায়ে রয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটছে।

গত সেপ্টেম্বরে প্যারিসের উপকণ্ঠে এ বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। গত মাসে শিক্ষার দাবির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবায় ব্যয় কমানোর প্রতিবাদও এর সঙ্গে যুক্ত হয়। এতে শ্রমিক সংগঠন ও বিভিন্ন আন্দোলনকারী দল অংশ নেয়। কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, দাঙ্গা ও দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে পুরোনো স্কুল ভবন সংস্কার, শিক্ষকের সংখ্যা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বৃদ্ধি এবং বৈষম্যমূলক ভর্তি ব্যবস্থা বাতিল।

দাঙ্গার জন্য অভিবাসীদের দায়ী করে সমালোচনায় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে সপ্তাহান্তে তরুণদের বিক্ষোভের পর সহিংসতার জন্য ‘অভিবাসী দাঙ্গাবাজদের’ দায়ী করে সমালোচনার মুখে পড়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট। গতকাল সোমবার তাঁর বক্তব্যের সমালোচনা করেন ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা এবং বিরোধী বামপন্থি দল দ্য লেফট পার্টির প্রতিনিধিরা।

প্রতিরক্ষামন্ত্রী ও এসপিডি নেতা বরিস পিস্টোরিয়াস বলেন, সব অভিবাসীকে এক পাল্লায় মাপা উচিত নয়। সহিংসতার সঙ্গে অপরাধী ও উগ্রপন্থিরা জড়িত। বিরোধী দলের নেতা ক্লারা বুয়েঙ্গারও ডোব্রিন্টের বক্তব্যকে অসহনীয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য বর্ণবাদী মনোভাব উস্কে দিচ্ছে।

শনিবার জার্মানির ৩০টির বেশি শহরে ‘জেন জি রেগেল্ট’-এর উদ্যোগে বিক্ষোভ হয়। সরকারি ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ ফের চালুর পরিকল্পনাসহ বিভিন্ন সরকারি নীতির প্রতিবাদে এসব কর্মসূচি পালিত হয়।

সুইজারল্যান্ডে বিক্ষোভ ও সহিংসতা, গ্রেপ্তার ২

সুইজারল্যান্ডের জুরিখে শনিবার রাতে কয়েক শ মানুষের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের বিবৃতি অনুযায়ী, বিক্ষোভকারীদের কেউ কেউ বিভিন্ন স্থানে ময়লার পাত্র, বৈদ্যুতিক সাইকেল ও স্কুটারে আগুন দেয়। একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। এ ছাড়া গণপরিবহনের একটি স্টপেজ ও কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়।

বিক্ষোভকারীরা আতশবাজি, বোতল ও পাথর ছুড়ে তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ।

আরও পড়ুন

×