যাত্রাবাড়ীতে ফ্যান তৈরির কারখানায় শ্রমিকের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৬:১৮ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০১:২৭
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ফ্যান তৈরির একটি কারখানায় লোহার অ্যাঙ্গেলের আঘাতে আবদুর রউফ (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
রউফের সহকর্মী রবিউল ইসলাম জানান, তারা 'সিলিকন ফ্যান' নামে একটি কারখানায় কাজ করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাজ করার সময় একটি লোহার অ্যাঙ্গেল এসে রউফের মাথায় আঘাত করে। তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রউফের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া এলাকায়। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে মাতুয়াইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রউফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় থানাতে অবগত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা-তা থানা পুলিশ তদন্ত করে দেখবে।
- বিষয় :
- তৈরির একটি কারাখানা
- যাত্রাবাড়ী