ডিজিটাল বাংলাদেশ গড়ার বিকল্প নেই: প্রধান বিচারপতি
অনুষ্ঠানে অতিথিরা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৮:১৯
‘মিলিনিয়াম ডেভলোপমেন্ট গোল অর্জন করতে হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিকল্প নেই’- মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘বিচার বিভাগে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতি বিচারক এবং আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভ্যস্ততা ও আগ্রহ দিন দিন বাড়ছে। বিচার বিভাগে অবশ্যই আধুনিকতার ছোয়া লাগাতে হবে। বিচার প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করতে হবে। এর মাধ্যমে সর্বপরি বিচার প্রক্রিয়ায় সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের কষ্ট লাঘব করতে হবে।’
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন। ল’ চেম্বার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের হালনাগাদ সংস্করণের উদ্বোধন শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করে মামলা সংক্রান্ত অনলাইনভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান ছিদ্দিক এন্টাপ্রাইজ লিমিটেড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সম্পাদক এএম মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, কাজী শামসুল হাসান শুভ প্রমুখ।
প্রধান বিচারপতি আরও বলেন, ইতিমধ্যে সরকার বিচার বিভাগের তথ্য প্রযুক্তির উন্নয়নে ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা ডিজিটাল জুডিশিয়ারি প্রতিষ্ঠার মাধ্যমে বিচারের ক্ষেত্রে দ্রততা এবং মানুষের জন্য সহায়ক বিচারিক পদ্ধতি দিতে পারবো।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে কাগজের পাশাপাশি অনলাইনে ডেইলি কজলিস্ট বা কার্যতালিকা প্রকাশিত হচ্ছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও মামলার সংক্রান্ত ফলাফল, রায় ও আদেশসহ অন্যান্য তথ্য পাওয়া যায়। পৃথিবীর যে কোনো স্থানে বসে আমাদের বিচার বিভাগ সম্পর্কে যে কেউ জানতে পারে প্রযুক্তির কল্যাণেই। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে।
গৃহায়ণমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন আধুনিক বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে। উন্নয়ন অগ্রযাত্রার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের এটি একটি অংশ। একটি দেশের বিচার ব্যবস্থা সে দেশের আদর্শ উন্নয়নের মাপকাঠি। আমাদের বিচার ব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে। তুলনামূলক বিচারে পৃথিবীর অন্যান্য দেশের বিচার ব্যবস্থার চেয়ে আমাদের বিচার ব্যবস্থা অনেক অনেক ভালো। আমাদের বিচারের রায় অন্য দেশ অনুকরণ করছে। এক্ষেত্রে বিচার বিভাগ যেন প্রশ্নবিদ্ধ না হয়-সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘আত্মসমালোচনা করলে তারা দেখতে পাবেন, বাংলাদেশ জুডিশিয়ারী কতটা কাযকর ও স্বাধীন হয়েছে। পক্ষে বিচারের রায় গেলে আমরা স্বাগত জানাই, বিপক্ষে রায় গেলে আমরা বলি আজ্ঞাবহ বিচার হয়েছে। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’
উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা নেই- মন্তব্য করে সমিতির সম্পাদক এএম মাহাবুব উদ্দিন খোকন বলেন, নীতিমালা সবাই চায়, তবুও হচ্ছে না। বরং যে সরকার যখন হ্মমতায় থাকে তারাই তাদের খেয়াল খুশীমত বিচারক নিয়োগ দেন। এখন আবার পদে থাকা অবস্থায় বিচারকদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, যদি নীতিমালা করে করা হতো তাহলে ভালো হতো। তিনি এ সময় আইনজীবী সমিতির সমস্যা নিয়েও প্রধান বিচারপতি ও গৃহায়ণমন্ত্রীর দৃষ্টিআকার্ষণ করেন।
- বিষয় :
- প্রধান বিচারপতি
- সৈয়দ মাহমুদ হোসেন
