'পেঁয়াজ সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে ৩ হাজার কোটি টাকা'
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:১৭
পেঁয়াজ-চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক পর্যায়ে আনতে সরকারকে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
নেতারা বলেছেন, ভোট ডাকাতির সরকারের প্রশ্রয়ে দেশ আজ লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চাল ও লবণের দাম নিয়ে কারসাজি করে মানুষকে বিভ্রান্ত করেছে। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের লোক দেখানো সক্রিয়তায় মানুষের আস্থা নেই।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সরকার ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজ-চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্পবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য ফখরুদ্দিন কবীর আতিক, ইউসিএলবির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
