শ্যামপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:৩৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:৪০
রাজধানীর শ্যামপুরে শাহিনুর (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে শাহিনুরের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, শাহিনুরের স্বামীর নাম আনোয়ার হোসেন। তাদের সাত বছরের এক ছেলে রয়েছে। তারা শ্যামপুরের শাবান ফ্যাক্টরি গলিতে বসবাস করতেন। শুক্রবার রাত ১১টার দিকে আনোয়ার অচেতন অবস্থায় স্ত্রী শাহিনুরকে বাসা থেকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরই শাহিনুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শাহিনুরের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের কাছে আনোয়ার দাবি করেছেন, পারিবারিক কলহে শাহিনুর ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তবে শাহিনুরের বাবা সিরাজ শেখের অভিযোগ, তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, সাড়ে আট বছর তার মেয়ের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা সময় টাকা দাবি করে আসছিলেন আনোয়ার। এ পর্যন্ত ছয় লাখ টাকা দিয়েছেন তিনি। ১০ দিন আগে তার মেয়ে জামাই আবারো দুই লাখ টাকা দাবি করেন। গত মঙ্গলবার তিনি আনোয়ারকে ৫০ হাজার টাকা দিয়েছেন। বাকী টাকা না দেওয়ায় শুক্রবার রাতে শাহিনুরকে মারধর করে হত্যা করা হয়েছে। সাত বছরের নাতি আলিফের উদ্ধৃতি দিয়ে সিরাজ বলেন, আলিফ তাকে জানিয়েছে, রাতে তার মাকে তার বাবা মারধর করেন। মারধরের একপর্যায়ে তার মা মারা যায়।
শ্যামপুর থানার মফিজুল আলম সমকালকে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান তিনি।
