খিলক্ষেত থেকে নিখোঁজ মা-মেয়ে
মা ফাতেমা আক্তার আঁখি ও তার মেয়ে আতিফা রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ১২:০৬
রাজধানীর খিলক্ষেত থেকে ফাতেমা আক্তার আঁখি নামে এক গৃহবধূ ও তার ছয় বছরের মেয়ে আতিফা রহমান আয়াত রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত সোমবার বিকেলে মা-মেয়ে বেড়াতে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তাদের সন্ধান পায়নি পুলিশ।
নিখোঁজ গৃহবধূর মামা আবদুল কাইয়ুম সমকালকে জানান, আঁখি তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খিলক্ষেতের উত্তরপাড়ার বাসায় থাকতেন। তার স্বামী জিল্লুর রহমান সৌদি আরব প্রবাসী। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে আঁখি তার মেয়েকে নিয়ে বের হন। বাইরে কিছুক্ষণ হাঁটাহাটি করে তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু তারা আর ফেরেননি। এ ঘটনায় পরদিন মঙ্গলবার খিলক্ষেত থানায় জিডি করে পরিবার।
আবদুল কাইয়ুম আরও জানান, ওমর ফারুক নামে এক যুবক বেশ কিছুদিন ধরে আঁখিকে বিরক্ত করে আসছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি আঁখির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার কিছু গোপন ছবি হাতিয়ে নেন। এরপর সেসব ছবি ফেসবুকে ছড়ানোর ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে অর্থ আদায় করেন। এ ঘটনায় তখন একটি জিডি করা হয়েছিল। তাদের সন্দেহ, কৌশলে ওই যুবকই আঁখিকে অপহরণ করেছেন। পুলিশকে সব জানানোর পরও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে না বলেও অভিযোগ করেন কাইয়ুম।
এ বিষয়ে খিলক্ষেত থানার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বাসা থেকে বের হওয়ার সময় আঁখি জানিয়ে গেছেন। আবার অভিযুক্ত যুবককে টাকাও পাঠাতেন বলে তথ্য মিলেছে। কী ঘটেছে তা তদন্তেই বেরিয়ে আসবে।
- বিষয় :
- রাজধানী
- মা-মেয়ে নিখোঁজ
- খিলক্ষেত
