উন্নয়নের স্রোতধরায় বদলে যাওয়া নগরী ডিএসসিসি: মেয়র সাঈদ খোকন
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৬:৪২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, দক্ষিণ ঢাকাকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকার মানুষ সেখানে চা কফি খেতে যান। ডিএসসিসি এলাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নতুন নগরী। তারই ধারাবাহিকতায় ডিএসসিসি এলাকায় পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টারসহ প্রভৃতি উন্নয়নমূলক কার্যক্রম চলছে।
মঙ্গলবার বাসাবো খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় স্থানীয় এমপি সাবের হোসেন চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, করপোরেশনের এসব পার্ক ও খেলার মাঠ এক সময় অবৈধ দখল, অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল। সন্ধ্যায় মা-বোনেরা এসবের সামনে দিয়ে চলাফেরার সময় নিরাপত্তাহীনতা বোধ করতেন। এ রকম পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-নারী-পুরুষ-বৃদ্ধা সকলের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে জল সবুজে ঢাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে। অভিজ্ঞ শতাধিক প্রকৌশলীর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে বিশ্বমানের করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসসিসি জানায়, ৪ দশমিক ৩৬ বিঘা জমির ওপর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্কে খেলোয়ারড়দের চেঞ্জিং রুম, লকারসহ ফুটবল খেলা ও অনুশীলনের ব্যবস্থা, নেট প্রাকটিসের জন্য ২টি ক্রিকেট পিচ, গ্যালারি, রিসিপসন, টয়লেট, ওয়াকওয়ে, মাঠের ভেতরে-বাইরে ড্রেনেজ সিস্টেম, গার্ডেনিং এবং গ্রিন গ্যালারি, কফি শপ, সবুজ ঘাসের আচ্ছাদন, সুসজ্জিত গেট ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।