ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সারাদেশে বন্ধ ১০৪টি রেলস্টেশন: রেলমন্ত্রী

সারাদেশে বন্ধ ১০৪টি রেলস্টেশন: রেলমন্ত্রী
×

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ১০:৫৭

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, সারাদেশে ১০৪টি রেলস্টেশন বন্ধ রয়েছে। ব্রিটিশ শাসনামলে রেলের জনবল ছিল ৬৮ হাজার, এখন তা ২৭ হাজারে নেমে এসেছে। একসময় রেলে হতাশা সৃষ্টি হয়েছিল। ভারত অনেক এগিয়ে গেলেও বাংলাদেশে রেলের উন্নয়ন তো হয়ইনি, বরং ব্রিটিশ ও পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থায় চলে গিয়েছিল।

শনিবার রেল ভবনে স্টেশন মাস্টার ও স্টাফদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী। ট্রেন পরিচালনার উন্নতিতে স্টেশন মাস্টার, লোকোমাস্টার (চালক) এবং অন্যান্য নিম্নপদস্থ কর্মচারীদেরও দেশের বাইরে প্রশিক্ষণে পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি। মন্ত্রী বলেন, প্রশিক্ষণ ছাড়া ভালো কিছু আশা করা যায় না। তিনি স্টেশন মাস্টারদের কাছ থেকে তাদের সমস্যা ও অভিযোগ শোনেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস নেন।

নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। রেলকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। পদ্মা রেল সংযোগ, খুলনা-মংলা রেল সংযোগ, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন, যমুনা নদীতে পৃথক রেলসেতু, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্প শেষ হলে রেলওয়ে ঘুরে দাঁড়াবে।

মতবিনিময় সভায় রেল সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×