ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী মারা গেছেন

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী মারা গেছেন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ১০:০৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ১০:৫৩

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আর নেই। রোববার রাতে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে---রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার সকাল সাড়ে দশটায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সিলেটের হযরত শাহজালাল মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ছিলেন দেশের ১১তম প্রধান বিচারপতি। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি লতিফুর রহমান অবসর গ্রহণের পর তাকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেওয়া হয়।

১৯৬৩ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগ দেওয়া মাহমুদুল চৌধুরী ১৯৮৭ সাল থেকে ২০০২ সালের ১৭ জুন পর্যন্ত উচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের জুনে তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। এরআগে ১৯৬৩ থেকে ১৯৮৭ পর্যন্ত তিনি আইনপেশায় ছিলেন।

বিচারপতি মাহমুদুল ১৯৩৭ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল গফুর চৌধুরী ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিচারপতি মাহমুদুল সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর ঢাকা সিটি ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

×