শিগগিরই ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ব্যয় কমবে: গৃহায়নমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৫
শিগগিরই ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ব্যয় কমে যাবে বলে আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, 'নিবন্ধন ব্যয় কমানোর বিষয়ে আমি নিজে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) হয়ে গেছে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে পরবর্তী সংসদ অধিবেশনে সেটি উঠবে। নিবন্ধন ব্যয় নিয়ে সমস্যা থাকছে না।'
মঙ্গলবার আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন গৃহায়নমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সহসভাপতি মো. আনোয়ারুজ্জামান, কামাল মাহমুদ, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ রিহ্যাব পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি আবাসন প্রকল্পে দেশি আবাসন কোম্পানিগুলোর কাজ করার জন্য দরপত্রে অংশ নেওয়ার সুযোগ বাড়বে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, দরপত্র প্রক্রিয়ায় অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়া যায় না। এতে রিহ্যাবের বহু ব্যবসায়ী সেখানে অংশ নিতে পারেন না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন প্রক্রিয়াটি সংশোধন করতে হবে। যাতে নতুন ব্যবসায়ী ও দেশি আবাসন ব্যবসায়ীরা সুযোগ পান। এ বিষয়ে পরিকল্পনা কমিশন কাজ শুরু করেছে। এটি দ্রুত করতে আবারও তাগিদ দেওয়া হবে। যাতে যোগ্যতার মাপকাঠি সহজ করে দেওয়া হয়।
শ ম রেজাউল করিম বলেন, সরকারি বিভিন্ন ভবন অধিকাংশ বিদেশিকে দিয়ে করানো হয়। এখন আলোচনা হচ্ছে দেশে যারা ভালো কোম্পানি আছে তাদের দিয়ে এগুলো নির্মাণ করা হবে। কাজ শেষে বিদেশিরা চলে গেলে জবাবদিহি থাকে না। কিন্তু দেশি কোম্পানিকে দিয়ে ভবন করলে কাজ খারাপ হলে ওই কোম্পানির বদনাম হবে। পরে সে আর কাজ পাবে না। প্রয়োজনে ওই কোম্পানিকে ধরা যাবে। কিন্তু দেশি কোম্পানিগুলোর বিনিয়োগ করার সুযোগ আছে কি-না সেটা একটি বড় বিষয়। তাদের তুরাগ স্যাটালাইট সিটি, কেরানীগঞ্জে স্যাটালাইট সিটি, ঝিলমিল স্যাটালাইট সিটি, পূর্বাচল উপশহর ও উত্তরা তৃতীয় ধাপে ফ্ল্যাটে কাজ করার সুযোগ দেওয়া হবে। এসব জায়গায় দেশি ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করতে পারেন সে জন্য আগামীতে বিজ্ঞাপন সহজ করে দেওয়া হবে। যাতে সবাই মিলে কাজ করতে পারে।
গৃহায়নমন্ত্রী বলেন, রিহ্যাব সদস্যরা দেশের অবকাঠামো উন্নয়নে অনেক সমস্যার সম্মুখীন হন। তাদের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (প্ল্যান) অনুমোদনের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনায় টেবিলে টেবিলে ঘুরতে হয়েছে। ১৬টি অনুমোদন নিয়ে কাজ করতে হয়েছে। এখন তা কমিয়ে ৪টি স্তরে অনুমোদন নিয়ে করতে পারছেন। এ ক্ষেত্রেও হয়রানির অভিযোগ এসেছে। এ জন্য অনলাইনে আবেদন চালু করা হয়েছে। এছাড়া জমি নিবন্ধনেও উৎকোচ দিতে হতো। মন্ত্রী জানান, এ পর্যন্ত ৯০ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, এ দেশের জনগণ ভোগান্তির শিকার হবেন। আর মন্ত্রী, এমপি ও কর্মকর্তারা লুটেপুটে খাবেন এ ব্যবসা করতে দেবে না বর্তমান সরকার। আগামীতেও করতে দেওয়া হবে না। দুর্নীতি ও অনিয়মের নূ্যনতম স্পর্শ থাকলে তাদের ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আইন মেনে যারা ভালো ব্যবসা করেন তাদের খেয়ে ফেলছে টাউট-বাটপার নামক ডেভেলপাররা। বুড়িগঙ্গা পার হয়ে মাওয়া পর্যন্ত বা পূর্বাচল থেকে নরসিংদীর দিকে গেলে দেখা যায় নানা চমকের সাইনবোর্ড। তারা রিহ্যাবের ভাবমূর্তি ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে রিহ্যাব থেকে সতর্ককরণ বিজ্ঞাপন আসতে পারে। সরকার সবার জন্য আবাসন নিশ্চিত করতে চায়। এ ক্ষেত্রে রিহ্যাব সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
রিহ্যাব সভাপতি নিবন্ধন ফি কমানোর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, সরকারি দরপত্রে অংশ নেওয়ার যোগ্যতা রিহ্যাব ডেভেলপারদের নেই। তারা দেশে অনেক আবাসন নির্মাণ করলেও সরকারের কাজ করার সুযোগ পান না। যাতে সরকারি দরপত্রে অংশ নিয়ে কাজ করা যায় সে সুযোগ চান তিনি।
লিয়াকত আলী ভূইয়া বলেন, জাতীয় বাজেটে নিবন্ধন ফি কমানোর ঘোষণা দেওয়া হয়। এর পরে ছয় মাস গেলেও তা আটকে আছে। আগামী দু'চার দিনের মধ্যে সমাধান করার আহ্বান জানান তিনি।
