কৃষি উদ্যোক্তা তৈরিতে সেল গঠন করা হবে: কৃষিমন্ত্রী
বিএআরসি মিলনায়তনে কৃষি উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১ | ০৭:৩১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১ | ০৭:৩১
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে কৃষি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ও নতুন উদ্যোক্তা তৈরি করতে কৃষি মন্ত্রণালয়ে একটি পৃথক সেল গঠন করা হবে। সারাদেশে কৃষি উদ্যোক্তারা কে কি ফসল চাষ করবে, কোন ধরনের কৃষিপণ্য প্রক্রিয়াজাত করবে, তাদের কি সহযোগিতা দরকার- এ সব বিষয়ে দেখভাল, সহযোগিতা ও যোগাযোগ রক্ষা করবে এই সেল।
শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বছর সারা দেশে ২৮ হাজার কোটি টাকারও বেশি কৃষি ঋণ বিতরণের খোঁজখবর রাখতে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন বিসেফ এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশের কৃষি উদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমিয়ে আনার উপায় খোঁজা, সহজ শর্তে ঋণ প্রদান ও মানবিক অর্থায়নে সুযোগসুবিধা সম্প্রসারিত করতে 'ভরসার নতুন জানালা' শিরোনামে এ সম্মেলনে দেশের ৩৩টি জেলা থেকে কৃষি উদ্যোক্তারা অংশ নেন।
সাবেক কৃষিসচিব ও সম্মেলন সমন্বয়ক আনোয়ার ফারুকের সভাপতিত্বে ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত জামিল, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম, বিসেফের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
