আতিকের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন তাবিথ
আতিকুল ইসলাম ও তাবিথ আউয়াল -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৯:৫৫
আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত এই অভিযোগ নিয়ে যান তাবিথ আউয়ালের প্রতিনিধি জুলহাস উদ্দিন। তিনি বলেন, প্রচার কার্যক্রম শুরু হওয়ার আগেই আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম গুলশান-১ পার্কে নির্বাচনী মঞ্চে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে ভোট প্রার্থনা করছেন।
লিখিত অভিযোগে বলা হয়, শনিবার সকালে আতিকুল ইসলাম গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করেন। সেখানে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে উপস্থিত কর্মীদের ভোটারদের কাছে যাওয়ার দিকনির্দেশনা দেন। তার এই তৎপরতা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল এবারের ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আচরণবিধি সমভাবে প্রয়োগ হবে। তদারকির জন্য মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। অথচ আতিকুল ইসলাম নির্বাচনী জনসভা করলেও কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আইনের আওতায় আনার চেষ্টাও করেননি। তাবিথ আউয়াল অভিযোগের পক্ষে কিছু স্থিরচিত্র সংযোজনের কথাও চিঠিতে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, বিষয়টি সংশ্নিষ্ট এলাকার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট। প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন ৯ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর।
