আবারও কুড়িল ফ্লাইওভারে লাশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:৪৯
আবারও কুড়িল ফ্লাইওভারে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে ফ্লাইওভারের খিলক্ষেত অংশে গলায় মাফলার পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরিচয় না পাওয়ায় লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
পুলিশের ধারণা, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর ফ্লাইওভারে ফেলে গেছে দুর্বত্তরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে গলায় মাফলার পেঁচানো অবস্থায় কুড়িল ফ্লাইওভারে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়েছিল। রাত ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। শনিবার সন্ধ্যা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। তার পরনে চেক ট্রাওজার, ফুলহতা জামা ও নীল রঙের সোয়েটার ছিল।
খিলক্ষেত থানার ওসি বোরহান উদ্দিন সমকালকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর ফ্লাইওভারে ফেলে রাখা হয়েছে। তার গলায় দাগ ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি লাশের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে ৯ ডিসেম্বর রাতে আক্তার হোসেন নামে এক যুবকের লাশ পাওয়া যায় একই ফ্লাইওভারে। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল।
- বিষয় :
- কুড়িল ফ্লাইওভার
- লাশ উদ্ধার
- খিলক্ষেত
