ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আন্দোলন করবে সংখ্যালঘু সংগঠনগুলো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ১০:৩৪
সরস্বতী পূজার দিনে ঢাকায় নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলো। এই দাবিতে সারা দেশে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে ২০ জানুয়ারি বিকেলে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন এসব সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই দাবিতে পর্যায়ক্রমে ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি, প্রতীকী অনশন, সড়ক অবরোধসহ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনের কর্মসূচি গ্রহণ ও ঘোষণার দায়িত্ব দেওয়া হয় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর সমন্বয়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে।
অবিলম্বে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবি জানিয়ে বৈঠকে নেতারা বলেন, নির্বাচন কমিশনের একগুঁয়েমি ও স্বেচ্ছাচারী মনোভাব অব্যাহত থাকলে এ ব্যাপারে উদ্ভূত পরিস্থিতির জন্যে কমিশনকেই দায়ী থাকতে হবে।
বৈঠকে সিটি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবিতে ডাকসু, জগন্নাথ হল ছাত্র সংসদ ও সাধারণ ছাত্রসমাজের ন্যায়সংগত আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়। বৈঠকে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের জন্য আওয়ামী লীগ ও বিএনপির চার মেয়র প্রার্থী নির্বাচন কমিশনের কাছে দাবি উত্থাপন করায় তাদের প্রতি ধন্যবাদ এবং একই দাবি উত্থাপন করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানানো হয়।
অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, আদিবাসী ফোরাম, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, বুড্ডিস্ট ফেডারেশন, বৌদ্ধ সমিতি, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটি, ঋষি পঞ্চায়েত ফোরাম, হরিজন ঐক্য পরিষদ, ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট, হিন্দু লীগ, মাইনোরিটিজ সংগ্রাম পরিষদ, স্বজন (সাংবাদিক সংগঠন), অনুভব (তফসিলি সম্প্রদায়), জাতীয় হিন্দু মহাজোট, মাইনোরিটি রাইটস ফোরাম বাংলাদেশ, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টার, জাতীয় আদিবাসী পরিষদ, রবিদাস উন্নয়ন পরিষদ, মতুয়া সংঘ (ওরাকান্দি) এবং আন্তর্জাতিক রবিদাস উন্নয়ন পরিষদ নেতারা যোগ দেন।
- বিষয় :
- সিটি করপোরেশন নির্বাচন
- সরস্বতী পূজা
