ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৯:৪০

চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় রয়েল পার্ক নামের একটি আবাসিক হোটেল থেকে মো. রিপন (৪৭) ও সোনিয়া আক্তার (৩৩) নামের এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা চট্টগ্রাম নগরীর লালখান বাজার ঢেবার পাড়ের বাসিন্দা। 

সোমবার হোটেলের একটি কক্ষ থেকে এই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিপন ভ্যানে ফল বিক্রি করতেন আর সোনিয়া গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

পারিবারিক কলহের কারণে তাঁরা ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। 

নগরের আকবরশাহ থানার এসআই ফজলুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে অচেতন অবস্থায় এবং রিপনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, ‘রোববার বিকেলে রিপন ও সোনিয়া হোটেলে ওঠেন। একটি রুম ভাড়া নেন। রাতে তাঁদের একসাথে খাবার খেতে দেখা গেছে। সকালে রুমের দরজা খোলা ছিল। তখন হোটেলের একজন বয় প্রবেশ করে দেখেন, রিপন ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া খাটে পড়ে আছেন। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।’

আরও পড়ুন

×