ভোট পড়েছে ৩০ শতাংশের নিচে, ধারণা সিইসির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৯ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৪
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ভোট ভালো হয়েছে। তবে কত শতাংশ ভোট পড়েছে আমি জানি না। এটা বোধ হয় ৩০ শতাংশের নিচে থাকবে। এর বেশি যাবে না বলে আমার মনে হয়।'
শনিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তর থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি আরও বলেন, কোনো এজেন্ট অভিযোগ করেনি যে আমাদের বের করে দিয়েছে। কেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের, গিয়ে বের হয়ে গেলে অভিযোগ করতে হবে। এমন আমরা পাইনি। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে আওয়ামী লীগ-বিএনপি দুই দলেরই এজেন্ট ছিল।
অনেক ভোটার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর বুথে থাকা অন্য কেউ ইভিএম মেশিনে ভোট দিয়ে দিয়েছেন- এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। যেসব ভোটার ভোটকেন্দ্রে গিয়েছেন, তারা কেউ ভোট না দিয়ে ফেরত যাননি। একজনের ভোট আরেকজন দিতে পারেননি।
নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিইসির পদত্যাগ দাবি করেছে। তবে পদত্যাগের বিষয়টি নাকচ করে দিয়েছেন সিইসি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শনিবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ভোট দিয়েছেন ভোটাররা। দুই সিটিতেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।
'দলীয়করণ করে, নির্বাচনকে প্রভাবিত করে ভোট লুট করা হয়েছে' অভিযোগে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। তবে এ দুই সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
- বিষয় :
- সিটি নির্বাচন
- ঢাকা
- সিইসি
