ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোট নিয়ে যা বললেন মাহবুব তালুকদার

ভোট নিয়ে যা বললেন মাহবুব তালুকদার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২২ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২২

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হলো ইভিএম ব্যবহারের কারণে কোনো কেন্দ্রে শতভাগ ভোট পড়েনি। নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারে বাক্স ভর্তি করার সুযোগও ছিল না। রাতে ব্যালট পেপারে বাক্স ভর্তি ও কেন্দ্রে শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, আমি সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ১২টি কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে আমি সরকারি দল–সমর্থিত মেয়র প্রার্থী ছাড়া আর কোনো মেয়র প্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। ভোটের মাঠে এক পক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। অন্য পক্ষগুলোর অনুপস্থিতির কারণ আমরা অজ্ঞাত।

তিনি আরও বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনা মারামারি বা রক্তক্ষয় হয়নি। 

এই নির্বাচন কমিশনার বলেন, কয়েকজন সাংবাদিক নির্বাচনের পরিবেশের কথা আমার কাছে জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, নির্বাচনী পরিবেশ সম্পর্কে তারা আমার চেয়ে বেশি অবহিত। কারণ তারা নিজের চোখে সব দেখেছেন।

মাহবুব তালুকদার বলেন, আমি মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছি। কেন্দ্রের সাংবাদিকেরা আমাকে জানান, সকালে বিরোধী দলের মেয়রের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের সুযোগ ছিল না। সেখানকার আনারস প্রতীকের মহিলা কাউন্সিলর প্রার্থী জানিয়েছেন, তার নির্বাচনী এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমি তাকে লিখিত অভিযোগে দিতে বলেছি।

আরও পড়ুন

×