দলীয় মনোনয়ন ও সমর্থন চান ঢাকার দুই মেয়র
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ১৪:০৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ১৪:১৭
ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মনোনয়নপ্রাপ্তির ক্ষেত্রেও তারা আশাবাদী বলে উল্লেখ করেছেন। দু'জনেই বলেছেন, ভোটে আবারও নির্বাচিত হলে ঢাকা শহরে যে উন্নয়নের ধারা চলছে তা অব্যাহত থাকবে।
গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এমন প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বিশেষ অতিথি ছিলেন আরেক মেয়র আতিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক।
মেয়র হিসেবে নিজেকে সফল দাবি করে সাঈদ খোকন বলেন, 'আমাদের ৫২ বাজার ৫৩ গলির এই ঢাকা শহরের এমন কোনো অলিগলি নেই যেখানে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারিনি। সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। শান্তিনগরের ৪০ বছরের জলাবদ্ধতা, নাজিমুদ্দীন রোডের প্রায় ৫০ বছরের সমস্যা ছিল, সেটিও আমরা সমাধান করেছি। নতুন কিছু জায়গায় জলজট হচ্ছে। নগরবাসী যদি আমাকে ভালোবাসায় সিক্ত করে, আমাদের কাজগুলো অব্যাহত রাখার সুযোগ দেন, তাহলে সামনের দিনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।'
ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পেরেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন ওয়ার্ডগুলোতে উন্নয়ন কার্যক্রম চলছে। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় দখলে থাকা জায়গা উদ্ধার করে সেখানে আন্তর্জাতিক মানের পার্ক তৈরি করা হয়েছে। ঢাকা শহরের রাস্তার প্রায় সবই এখন চলাচল উপযোগী। প্রতিটি এলাকায় আধুনিক এলইডি সড়ক বাতি লাগানো হয়েছে। নগরবাসী তার পাশে থাকলে ভবিষ্যতে আরও উন্নত নগরী উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আবার মনোনয়নের ব্যাপারে আত্মবিশ্বাসী মেয়র আতিকুল ইসলাম বলেন, 'দায়িত্ব পাওয়ার পর যতটুকু সময় পেয়েছি সবাইকে নিয়ে কাজ করেছি এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ একটি বড় দল, একটি ঐতিহ্যবাহী দল, দেশকে স্বাধীনতা এনে দিয়েছে এই দল। তারা আমার কাজের মূল্যায়ন করবে। তাই আমার প্রত্যাশা আমি আওয়ামী লীগ থেকে আবারও নমিনেশন পাব'। তিনি জানান, পুনরায় নির্বাচিত হলে রাজধানীর যানজট সমস্যাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবেন। মনোনয়ন পেয়ে জয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
তিনি বলেন, নগর উন্নয়নের সঙ্গে ৫৪টি সংস্থা রয়েছে। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব, এটাই আমার প্রত্যাশা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও ডিএসসিসির কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, তিনি কাছে থেকে দেখেছেন ঢাকার দুই মেয়র কী পরিশ্রম করে ঢাকা শহরের আধুনিকায়নের কাজ করছেন। এ জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই দুই মেয়রের প্রতি আগামী সিটি নির্বাচনেও তার সমর্থন থাকবে। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের দিকে তারা নজর দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ ঢাকা মহানগরী অনেকটাই বদলে গেছে।
- বিষয় :
- ঢাকার দুই মেয়র
- মেয়র
- আতিকুল ইসলাম
- সাঈদ খোকন
