ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঢাকার দুই সিটিতে নির্বাচন

শীতে ভোটের উত্তাপ

শীতে ভোটের উত্তাপ
×

অমরেশ রায় ও কামরুল হাসান

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ১৩:৪০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত। দুই সিটিতেই বর্তমান মেয়রদের ওপর আস্থা রাখতে চলেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়েও তেমন জটিলতা নেই। দক্ষিণে মেয়র পদে মূল লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের মোহাম্মদ সাঈদ খোকন ও বিএনপির ইশরাক হোসেন। অন্যদিকে উত্তরে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন বিএনপির তাবিথ আউয়াল।

ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে বেরিয়ে সমকালকে তিনি বলেন, এবারের নির্বাচনেও তাকেই মেয়র পদে প্রার্থী করা হবে বলে প্রধানমন্ত্রী বলেছেন। অন্যদিকে উত্তরেও বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই আওয়ামী লীগের প্রার্থী করা হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বিএনপির নীতিনির্ধারকরা ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে ভোটের মাঠে নামার জন্য আগেই 'গ্রিন সিগন্যাল' দিয়ে রেখেছেন।

এদিকে মেয়র পদে আরও কয়েকজন দুই দলের প্রার্থী হতে আগ্রহী। তারা ইতোমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি নেমেছেন জোরালো লবিং-তদবিরে। মেয়র পদে দলীয় সমর্থন লাভের জন্য প্রভাবশালী ও নীতিনির্ধারকদের কাছে ছুটছেন তারা। যদিও এক্ষেত্রে বিএনপি অনেকটাই নির্ভার। দুই সিটিতেই মেয়র প্রার্থী প্রায় চূড়ান্ত করে রেখেছে দলটি। জাতীয় পার্টিসহ অন্য দলগুলোও জোরেশোরে প্রার্থী বাছাই প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সব মিলিয়ে তীব্র শীতের মধ্যে রাজধানীতে এখন উত্তাপ ছড়াচ্ছে সিটি নির্বাচনের হাওয়া।

ঢাকার দুই সিটি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু হয়। নতুন করে গতকাল বৃহস্পতিবার থেকে এই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি এবং জাতীয় পার্টি। এ ছাড়া কয়েকটি ক্ষুদ্র দলের প্রার্থী বাছাই প্রক্রিয়াও চলমান রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি উভয় শিবিরের প্রার্থী চূড়ান্ত হচ্ছে আগামীকাল শনিবার। এদিন নিজ নিজ দলের মনোনয়ন বোর্ডের বৈঠক থেকে প্রধান রাজনৈতিক দল দুটি আনুষ্ঠানিকভাবে জানাবে, তাদের হয়ে কোন কোন প্রার্থী দুই সিটিতে মেয়র পদে লড়বেন।

এদিকে, মেয়র পদের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটির সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদের আবেদনপত্রও সংগ্রহ করছে সব দলই। আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর পদের আবেদনপত্র সংগ্রহ কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। প্রধান দু'দলের হয়ে কাউন্সিলর পদে লড়তে কয়েক হাজার প্রার্থী ইতোমধ্যে আবেদনপত্র জমাও দিয়েছেন।

ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগের দিন বুধবার দলীয় মনোনয়নপত্র নেন। অন্যদিকে, উত্তর সিটির বর্তমান মেয়র আতিকুল ইসলামও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বুধবার।

বিএনপির হয়ে উত্তর সিটির মেয়র পদে লড়তে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখান থেকে

বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনও দলীয় মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে দক্ষিণে অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন ৯ জন :গতকাল দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। কয়েকশ' নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র তোলেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নায় ভেঙে পড়েন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের একমাত্র ছেলে সাঈদ খোকন। তিনি বলেন, রাজনৈতিক জীবনে এখন তিনি কঠিন সময় পার করছেন। এই সময়ে ঢাকাবাসী ও দেশবাসীর দোয়া চান তিনি, যেন কামিয়াব (সফল) হতে পারেন।

এদিন উত্তর সিটির মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন নান্নু। এ ছাড়া উত্তর ও দক্ষিণ মিলিয়ে আরও সাতজন মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে দু'দিনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

এদিকে, গতকাল শুরু হয়েছে আওয়ামী লীগের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদের আবেদন সংগ্রহ কার্যক্রম। প্রথম দিনে কাউন্সিলর পদের জন্য উত্তর সিটিতে ৩৬৬ এবং দক্ষিণ সিটিতে ৪৭৩ জন আবেদন জমা দিয়েছেন। দুই সিটি মিলিয়ে নারী কাউন্সিলর পদে আবেদন জমা দিয়েছেন ৯৬ জন। আজও মেয়র পদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং কাউন্সিলর পদের আবেদন জমা নেওয়ার কার্যক্রম চলবে। এরপর আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিএনপি থেকে তিনজনের মনোনয়নপত্র সংগ্রহ :গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন মেয়র পদে দুই সিটিতে দলের প্রার্থী হতে তিনজন মনোনয়নপত্র কিনেছেন। ঢাকা উত্তরে ড. আসাদুজ্জামান রিপন ও তাবিথ আউয়াল এবং দক্ষিণে প্রকৌশলী ইশরাক হোসেন দলীয় মনোনয়নপত্র নেন। আগামীকাল বিকেলে গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত হবে।

এদিকে দুই সিটিতে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ১০৩ জন গতকাল মনোনয়নপত্র কিনেছেন।

মাঠে আছে জাপাও :দুই সিটিতে মেয়র পদে লড়তে জাতীয় পার্টি (জাপা) থেকে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম ঢাকা উত্তর থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি গত মঙ্গলবারই জাপায় যোগদান করেছেন। গতকাল ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে জাপার মনোনয়নপত্র নেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন মিলন ও আলমগীর সিকদার লোটন।

নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ প্রার্থীদের :মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল পর্যন্ত বিএনপির তাবিথ আউয়ালসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫৬৪ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২৫ জন মনোনয়নপত্র নিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে বিএনপির প্রকৌশলী ইশরাক হোসেন ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৭৮২ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরও পড়ুন

×