জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে তর্কে জড়ালেন ইসরায়েলি দূত
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:০৫
জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তর্কে জড়িয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন। গত শুক্রবার নিউইয়র্কে শুনানি চলাকালে তিনি জাতিসংঘ মহাসচিবের শিশুদের ওপর সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সঙ্গে তর্কে জড়ান। এ ঘটনাকে জাতিসংঘের কূটনৈতিক শিষ্টাচারের ব্যাপক লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের খবরে জানানো হয়, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক বৈঠকে প্যাটেনের পদত্যাগ দাবি করেন জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানন। তাঁর অভিযোগ, জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের ইসরায়েলবিরোধী অবস্থানের কাছে নতি স্বীকার করেছেন প্রমিলা।
এর আগে জাতিসংঘের এ কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগ এনে দেশটিকে কালো তালিকাভুক্ত করেছিলেন। ড্যাননের অভিযোগ, জাতিসংঘ মহাসচিবের বিশেষ এই প্রতিনিধি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এ সময় জাতিসংঘের আরেক কর্মকর্তা ভ্যানেসা ফ্রেজিয়ার চিৎকার করে ড্যাননকে বাধা দেন। তিনি ড্যাননকে ব্যক্তিগত আক্রমণ বন্ধ করতে বলেন এবং জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাদের কাছে পরীক্ষিত প্রমাণ রয়েছে। জবাবে ড্যানন ফ্রেজিয়ারকে চুপ থাকতে বলেন। তিনি বলেন, ‘আমরা একটি সদস্য রাষ্ট্র, আর আপনি জাতিসংঘের কর্মচারী। তাই আপনি এবং আপনার ওই প্রতিবেদন এখন চুপ থাকবে।’
ফ্রেজিয়ারের ওই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের ওপর নির্যাতন বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকেও কালো তালিকায় যুক্ত করা হতে পারে। এই প্রতিবেদনের কারণে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, এই কালো তালিকায় ইসরায়েলের পাশাপাশি হামাসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গাজায় প্রতিদিন অন্তত একটি করে শিশু হত্যা করেছে ইসরায়েল
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও গত আট মাসে গড়ে প্রতিদিন একজন করে ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ জানায়, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী অন্তত ২৬৫ জন শিশুকে হত্যা করেছে। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ‘এই যুদ্ধবিরতি ফিলিস্তিনি শিশুদের ইসরায়েলি গুলি থেকে রক্ষা করতে পারেনি।’
