ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদি

দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদি
×

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:০৯

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার বিকেলে সেখানে পৌঁছান তিনি। তাঁর আগমন ঘিরে কলকাতায় দেখা গেছে কড়াকড়ি। মোট দুই দিন সফর করবেন মোদি। আজ রোববার পশ্চিমবঙ্গে গণযোগব্যায়াম কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথাও রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। 

মোদির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি ১৪ থেকে ২১ জুন পর্যন্ত কলকাতার রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে এর জের আদালত পর্যন্ত গড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্যের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরকারি কর্মচারীদের সংগঠন। আর আইনজীবীদের একটি সংগঠন ১৪ জুন থেকে রেড রোড দীর্ঘ সময় বন্ধ রাখার বিরুদ্ধে আদালতে আবেদন করে।

তবে আদালত জানান, সরকারি নির্দেশনায় কোথাও অংশগ্রহণকে বাধ্যতামূলক বলা হয়নি। সরকার পক্ষ থেকে বলা হয়, রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশের তিন কোটি অংশগ্রহণকারীর রেকর্ড ভাঙতে চায়। রেড রোড বন্ধ থাকাকালে মানুষের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প পথের ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশনা দিয়েছেন আদালত।     
রেড রোড বন্ধ রাখার সমালোচনায় তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বলেন, ‘ঈদের নামাজের জন্য রেড রোড এক ঘণ্টার জন্যও বন্ধ রাখা যায়নি। অথচ যোগ দিবসে এক সপ্তাহ ধরে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে।’ 

জমি অধিগ্রহণে বাধার মুখে বিজেপি
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসেই বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি। মূলত সীমান্তে অরক্ষিত স্থানে বেড়া দেওয়ার কাজেই ওই জমি দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, ইতোমধ্যেই ১০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি এলাকায়ও কাঁটাতারের বেড়া দিতে চলছে জমি অধিগ্রহণের জন্য জোর প্রস্তুতি।

তবে ভারতের মানবাধিকার সংগঠন এপিডিআর বলছে, গত ৩১ মে  মুর্শিদাবাদের জলঙ্গিতে কৃষকের অসম্মতিতে জমি অধিগ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়েছে সরকার। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলা প্রশাসককে লেখা চিঠিতে সংগঠনটি জানায়, বিএসএফ কৃষকদের গ্রামের ভেতর রেকর্ডেড চাষের জমি অধিগ্রহণ করতে উদ্যত হয়েছে; পশ্চিমবঙ্গের জমি  অধিগ্রহণ আইন অনুযায়ী যা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক।

আরও পড়ুন

×