জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত
ছবি- ক্রিকইনফো
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৩:৪৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৩:৪৭
সব কিছু ঠিক থাকলে গতকাল শুক্রবার ঢাকায় নামার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে আগামী সেপ্টেম্বরে হচ্ছে না বাংলাদেশ-ভারতের সীমিত ওভারের সিরিজটি। একটি সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিসিআইও ইতিবাচক বলে জানিয়েছে ওই সূত্র। ভারতীয় বোর্ডর এক কর্তা বার্তা সংস্থাটিকে জানান, ‘ভারত-বাংলাদেশ সিরিজ আগামী জানুয়ারিতে হতে পারে। এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। বিসিবি আগামী বছরের শুরুতে সময় চেয়েছে।’ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরটি হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। এর মধ্যে গত জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলবে ভারত।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর মধ্যে নিলামে কিনেও বিসিসিআইয়ের পরামর্শে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এর জের ধরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক জটিল হয়ে যায়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি ভারতে টি২০ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের দাবি ছিল, যৌথ আয়োজক শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার। আইসিসি সেটা করেনি, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে তারা। তবে তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা উন্নতির আভাস মিলেছে।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত