পারিবারিক বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১০:৫৩
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মা ও দেড় বছর বয়সী ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাচামারা ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী বাচামারা ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন- স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছালামের স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। আহত অবস্থায় আব্দুস ছালামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুস ছালাম বাচামারা বাজারে একটি কাপড়ের দোকান পরিচালনা করেন। তার ছোট ভাই ইউসুফ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার রাতে ইউসুফ আলী ধারালো অস্ত্র নিয়ে বড় ভাইয়ের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে দোকান বন্ধ করে বাড়ি ফিরে বাধা দিতে গেলে আব্দুস ছালামের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- কুপিয়ে হত্যা
