শিবপুরে সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ছবি-সংগৃহীত
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৪:২২
নরসিংদীর শিবপুর উপজেলার পচারবাড়ী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা কার্টন থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি পরিত্যক্ত কার্টন দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে তারা কাছে গিয়ে দেখেন, কার্টনের ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নবজাতকটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।
