ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৬:৪৯

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঝাটুরদিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী সংস্থার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×