দাঁতের স্পট দূর করবেন কীভাবে
ডা. ওমর ইবনে ফয়নুর রহমান
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ০৭:০১
| প্রিন্ট সংস্করণ
দাঁতের গড়নে ত্রুটি বা দাঁতে সাদা দাগ থাকলে তা আমাদের শারীরিক সৌন্দর্য এবং আত্মবিশ্বাসকে ম্লান করে দিতে পারে। দন্তবিজ্ঞানীদের মতে, দাঁতে সাদা দাগ বা ‘হোয়াইট স্পট লেশনস’ দেখা দেওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে।
সাদা দাগের কারণ
ফ্লোরোসিস : শৈশবে অতিরিক্ত ‘ফ্লোরাইড’ গ্রহণের ফলে দাঁতের এনামেলে এ ধরনের সাদা দাগ দেখা দিতে পারে।
এনামেল হাইপোপ্লাসিয়া: অস্থির গঠন সম্পর্কিত সমস্যার কারণে দাঁতের গঠনের ত্রুটি বা এনামেলের ভঙ্গুরতা থেকে এটি হতে পারে। এটি জন্মগত বা পারিবারিক সূত্রে আসতে পারে, আবার জন্মের পরবর্তী জীবনধারা বা পুষ্টির সমস্যার কারণেও হতে পারে।
ডিমিনারলাইজেশন: দাঁতের সঠিক যত্নের অভাব এবং দাঁতের ফাঁকে দীর্ঘ সময় ধরে ‘প্লাক’ জমে থাকার ফলে এনামেল থেকে খনিজ উপাদান (যেমন ক্যালসিয়াম) ক্ষয়ে যায়, যা দাঁতে সাদা স্পট তৈরি করে। বিশেষ করে ‘অর্থোডন্টিক চিকিৎসার’ পরে এ সমস্যা বেশি দেখা যায়।
দাঁতের এ সমস্যা সমাধানে এবং একটি স্বাস্থ্যকর হাসি বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন:
নিয়মিত ও সঠিক দাঁত পরিষ্কার
প্রতিদিন যত্ন সহকারে দুই বেলা (সকালে ও রাতে) দাঁত ব্রাশ করলে দাঁতের ক্ষয়রোগ ও স্পট পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। সঠিক ব্রাশ এবং ফ্লোরাইডযুক্ত ভালো টুথপেস্ট ব্যবহার করা দরকার।
lখাবার পরপরই দাঁত পরিষ্কার করা উচিত।
lদাঁতের ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কারের জন্য ‘ডেন্টাল ফ্লস বা সুতা’ ব্যবহার করা আবশ্যক।
এসিডিক ও চিনিযুক্ত খাবার পরিহার
যেসব খাবারে অতিরিক্ত ‘এসিড বা অম্লতা’ রয়েছে (যেমন কোমল পানীয়, কৃত্রিম সস, কৃত্রিম ফলের রস, সাইট্রাস ফল), সেগুলোর ‘মাত্রাতিরিক্ত উপস্থিতি’ দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয়। এ এনামেলের ক্ষয়ের ফলেই সাদা স্পটগুলো আরও বেশি দৃশ্যমান হয়। এ জন্য এসিডিক পানীয় পানের পর স্ট্র ব্যবহার করা এবং দ্রুত পানি দিয়ে মুখ ধুয়ে ফেলা ভালো। কিছু ঘরোয়া উপাদান দাঁতের উজ্জ্বলতা বাড়াতে এবং ক্ষয়রোধে সহায়ক হতে পারে। তবে এগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত বা অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়।
লেবুর রস: এক চামচ লেবুর রস ও এক চিমটি লবণ সহযোগে দাঁত পরিষ্কার করার কথা বলা হলেও, লেবুর রসের ‘উচ্চ অম্লতা’ এনামেলের ক্ষতি করতে পারে। এটি ঘন ঘন ব্যবহার না করে সতর্ক থাকা উচিত।
ভিনেগার ও বেকিং সোডা: ভিনেগার ও বেকিং সোডার (খাবার সোডা) পেস্ট তৈরি করে সপ্তাহে একবার ব্যবহার করলে দাঁতের ক্ষয় ভাব কিছুটা কমতে পারে। তবে ‘ভিনেগারের এসিডিক উপাদান এবং বেকিং সোডার ক্ষতিকর ঘষা’ এনামেলের জন্য ক্ষতিকারক হতে পারে। সে জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। দাঁতে সাদা দাগের সমস্যা দেখা দিলে, ঘরোয়া প্রতিকার ব্যবহার না করে দ্রুত একজন দন্তবিজ্ঞানীর পরামর্শ নিন।
[ দন্তরোগ বিশেষজ্ঞ ]
- বিষয় :
- দাঁতের যত্ন
