ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কোমর ব্যথায় শরীরচর্চার ভূমিকা

কোমর ব্যথায় শরীরচর্চার ভূমিকা
×

অধ্যাপক ডা. আলতাফ সরকার 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা; যা জীবনের কোনো না কোনো সময়ে অনেকের মধ্যে দেখা যায়। এটি দৈনন্দিন জীবনের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং মানসিক চাপ বাড়ায়। কোমর ব্যথার কারণ হতে পারে অনিয়মিত ভঙ্গি, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, ভারী জিনিস তোলা বা শরীরচর্চার অভাব। সঠিক ভঙ্গি এবং নিয়মিত শরীরচর্চা এই ব্যথা কমাতে এবং প্রতিরোধ করতে পারে। 

সঠিক ভঙ্গির ভূমিকা
দাঁড়ানোর সময় ভঙ্গি: সোজা হয়ে দাঁড়ানো উচিত, কাঁধ এবং মাথা সোজা রাখতে হবে এবং পা সামান্য ফাঁক করে রাখতে হবে। এই ভঙ্গি শরীরের ভারসাম্য বজায় রাখতে এবং কোমরের ওপর চাপ কমাতে সাহায্য করে।
বসার সময় ভঙি: কাজের জায়গায় বা বাসায় বসার সময় সোজা হয়ে বসা উচিত। চেয়ারের পেছনে কোমর স্পর্শ করতে হবে এবং পা মাটিতে সমানভাবে রাখতে হবে। দীর্ঘক্ষণ একটানা বসে না থেকে মাঝে মাঝে উঠে হাঁটাচলা করা উচিত।
ঘুমানোর সময় ভঙি: শক্ত এবং সমান তোশকে ঘুমানো উচিত। পাশ ফিরে শোয়ার সময় হাঁটু ভাঁজ করে শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেন।

শরীরচর্চার ভূমিকা
স্ট্রেচিং: কোমরের পেশি এবং লিগামেন্টকে নমনীয় রাখতে সাহায্য করে। প্রতিদিন ১০-১৫ মিনিট স্ট্রেচিং ব্যায়াম করা উচিত। 
কোর স্ট্রেংথেনিং: এটি পেট এবং কোমরের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। এক্ষেত্রে পুশ আপস, প্ল্যাঙ্ক এবং সিট আপস করা যেতে পারে। 
ইয়োগা: শারীরিক এবং মানসিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে ইয়োগা। কাতি চক্রাসন, ভুজঙ্গাসন এবং মরিজারি আসনের মতো ইয়োগা আসনগুলো কোমরের ব্যথা কমাতে কার্যকর।
 হাঁটাচলা: দৈনিক ৩০ মিনিট হাঁটাচলা করা উচিত। এটি পেশি এবং লিগামেন্টের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে।
সাঁতার: কোমরের পেশির ওপর চাপ না দিয়ে শরীরচর্চা করার একটি কার্যকর পদ্ধতি।

প্রতিদিনের অভ্যাস
ভারসাম্য বজায় রাখা: ভারী জিনিস তুলতে গেলে কোমর না ঝুঁকিয়ে হাঁটু ভেঙে বসে তুলুন। ভারসাম্য বজায় রাখুন।
পানি পান: শরীরকে হাইড্রেটেড রাখলে পেশি এবং লিগামেন্ট নমনীয় থাকে।
ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন কোমরের ওপর চাপ সৃষ্টি করে, তাই সঠিক ওজন বজায় রাখা জরুরি।
কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক ভঙি এবং নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। এর পাশাপাশি, একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে এবং নিয়মিত চেকআপ করে কোমর ব্যথা প্রতিরোধ করা সম্ভব। 
[লেখক: মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ]
 

আরও পড়ুন

×