ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের যাত্রা, মালিকানায় ৩৯ ব্যাংক

প্রথম ফান্ডের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের যাত্রা, মালিকানায় ৩৯ ব্যাংক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৬:১৯

বাংলাদেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মালিকানায় দেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) নামে এই প্ল্যাটফর্ম মঙ্গলবার প্রথম ফান্ডের উদ্বোধন করেছে। এর মাধ্যমে দেশের স্টার্টআপ খাতে এবার প্রথমবারের মতো দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠিতভাবে যুক্ত হলো বড় পরিসরে। দীর্ঘদিন ধরে যা বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরশীল ছিল।
 
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএসআইসির প্রথম ফান্ড ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড ১’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

প্রায় ৪২৫ কোটি টাকার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে এই প্ল্যাটফর্ম। এর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অংশীদার ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার এক শতাংশ এই তহবিলে দেবে। ফলে এটি কোনো এককালীন তহবিল নয়; বরং একটি ধারাবাহিক মূলধন কাঠামো হিসেবে কাজ করবে। ফান্ডটি সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের দীর্ঘমেয়াদি নীতিগত উদ্যোগের ফল হিসেবেই এই প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের নিট মুনাফার গত পাঁচ বছরের এক শতাংশ করে এই তহবিলে বিনিয়োগের অনুমতি দেয় এবং বিএসআইসির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত কাঠামো নির্ধারণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘বাংলাদেশের আর্থিক উন্নয়নের পরবর্তী ধাপে এমন প্রতিষ্ঠান প্রয়োজন, যারা শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে উদ্ভাবনকে সহায়তা করতে পারবে। বিএসআইসি দেশীয় পুঁজিকে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা খাতে প্রবাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী হবে।’

আরও পড়ুন

×