ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টিসিবির জন্য কেনা হচ্ছে ২ কোটি লিটার পাম তেল

প্রায় ৬০৫ কোটি টাকার চার ক্রয় প্রস্তাবে অনুমোদন

টিসিবির জন্য কেনা হচ্ছে ২ কোটি লিটার পাম তেল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ২১:৩০

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া এন্টি-টিবি ওষুধ, চট্টগ্রাম কাস্টমস হাউজের আবাসিক ভবন নির্মাণ এবং রংপুরে সার সংরক্ষণাগার নির্মাণসহ মোট চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ৬০৪ কোটি ৮৭ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই-বাছাই শেষে কারিগরি মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে তেল সরবরাহের কাজ দেওয়া হয়েছে। এর মধ্যে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড ১ কোটি লিটার এবং শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল সরবরাহ করবে।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৪ টাকা ৪৫ পয়সা। এ বাবদ মোট ব্যয় হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৭৭৮ লিটার তেল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

এদিকে বৈঠকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ কোটি ৬৯ লাখ ৮০ হাজার পিস এন্টি-টিবি ড্রাগ (২এফডিসি) কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ওষুধ সরবরাহ করবে রেনাটা পিএলসি। এতে ব্যয় হবে ৭৪ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকা।

এ ছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউজের আবাসিক ভবন নির্মাণে একটি প্যাকেজের পূর্ত কাজের জন্য এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ১০২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা।

বৈঠকে রংপুরে ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার সংরক্ষণাগার বা বাফার গুদাম নির্মাণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এ কাজ বাস্তবায়ন করবে এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড। এতে ব্যয় হবে ৫৯ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকা।

আরও পড়ুন

×