সাইফুল ইসলাম ফের এমসিসিআই সভাপতি
মো. সাইফুল ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ২২:১৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ২২:১৮
মো. সাইফুল ইসলাম ২০২৩ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত ২৭ নভেম্বর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি পুনর্নির্বাচিত হন। গত বুধবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি অনুমোদন হয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কামরান টি রহমান এমসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি এবং হাবিবুল্লাহ এন করিম সহসভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।
সাইফুল ইসলাম পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) একজন পরিচালক। তিনি লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কামরান টি রহমান দেশের পাট ও চা খাতের একজন নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস ও কাপনা টি এস্টেট কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। হাবিবুল্লা এন করিম টেকনোহেভেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ছিলেন।
