পর্যটন শিল্পের উন্নয়নে `সম্মিলিত পর্যটন জোট` গঠন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৪:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
'ছয় দফা আন্দোলন জীবনজুড়ে পর্যটন' শীর্ষক পর্যটন আন্দোলন পরিচালনাসহ বাংলাদেশের পর্যটনের প্রয়োজনীয় উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে 'সম্মিলিত পর্যটন জোট' নামে একটি জোট গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ৯টি অবাণিজ্যিক পর্যটন সংগঠনকে নিয়ে জুন ২০২১ পর্যন্ত কর্মসম্পাদনের উদ্দেশ্যে ১৮ সদস্যের জোট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনগুলো হলো- বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন (বিটিএফ), বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন (বিটিইএ), বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিডিয়া ফোরাম, ট্যুর অপারেটরস্ অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টোয়াক), কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম), সিলেট ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, সিলেট ট্যুরিজম ক্লাব, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি শেফ অ্যাসেম্বলি অব বাংলাদেশ (বিপিসিএবি)।
এ ছাড়া ভবিষ্যতে অনুরূপ যে কোনো বাংলাদেশি সংগঠন চাইলে জোটে যোগ দিতে পারবে।
জোটের আহ্বায়ক মনোনীত হয়েছেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান, যিনি জোটের মুখপাত্র হিসেবেও কাজ করবেন। জোটের প্রথম যুগ্ম-আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাগর, যিনি জোটের সাচিবিক দায়িত্ব পালন করবেন।
নবগঠিত সম্মিলিত পর্যটন জোট শিগগিরই আন্দোলনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে, যার প্রধান লক্ষ্য হবে বাংলাদেশে একটি পর্যটন অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং একটি শান্তিময় ও মানবিক সমাজ গড়ে তোলা।
