ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বীমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কমেছে ব্যাংক খাতে

বীমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারদর  বেড়েছে, কমেছে ব্যাংক খাতে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

টানা ছয় দিন বাড়ার পর গতকাল বৃহস্পতিবার তুলনামূলক বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর কমেছে। এতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট হারিয়ে ৫৭৪৩ পয়েন্টে নেমেছে। অবশ্য আগের ছয় দিনে সূচকটি ২০৮ পয়েন্ট বেড়েছিল।

পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ব্যাংকসহ বেশির ভাগ বড় খাতের শেয়ারের দর হারানোর পরিমাণ ছিল বেশি। এর বিপরীতে আর্থিক প্রতিষ্ঠান, বীমা এবং তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে মাত্র দুটির এবং বাকি তিনটির দর ছিল অপরিবর্তিত। এতে এ খাতের গড় শেয়ারদর বেড়েছে ২ শতাংশ। এ খাতের রুগ্‌ণ আট কোম্পানির শেয়ারদর দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়। এ ছাড়া বীমা খাতের ৫৮ কোম্পানির মধ্যে ৫১টির এবং তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে ৯টির বাজারদর বেড়েছে। বীমা খাতের গড় শেয়ারদর বৃদ্ধির হার ছিল ২ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে এ হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ।

বিপরীতে ব্যাংক খাতের লেনদেন হওয়া ৩১ ব্যাংকের কোনোটির দর বাড়েনি, কমেছে ২১টির। এ খাতের গড় শেয়ারদর কমেছে সোয়া ১ শতাংশ। অধিকাংশ ব্যাংকের শেয়ারদর কমায় সূচকে ২৩ পয়েন্ট নেতিবাচক প্রভাব পড়ে। এই দরহ্রাসই শেষ পর্যন্ত সূচক কমায় বড় কারণ ছিল।
সার্বিক হিসাবে ১৫৪ কোম্পানির দর বাড়ার বিপরীতে কমেছে ১৬৯টির, অপরিবর্তিত থেকেছে বাকি ৩০টির দর। তালিকাভুক্ত ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে ছয়টির দর বেড়েছে, কমেছে ১৩টির, বাকিগুলোর দর শেষ পর্যন্ত অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন

×