ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

উচ্চ রেমিট্যান্স প্রবাহে ভর করে আরও বাড়ল রিজার্ভ

উচ্চ রেমিট্যান্স প্রবাহে ভর করে আরও  বাড়ল রিজার্ভ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

গত ২০২৫-২৬ অর্থবছর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩৪ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল ৬৪২ কোটি ডলার। এভাবে উচ্চ রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন উচ্চতা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী প্রথমবারের মতো ৩৩ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে।

গতকাল দিন শেষে বিপিএম৬ অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার। গত ৩০ জুন যা ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার ছিল। আর প্রায় চার বছর পর বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৭ দশমিক ৬৬ বিলিয়ন ডলার হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরের পর গত ২৯ জুন যা ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। অর্থ পাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে তা কমে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ পতনের সময় ২৫ দশমিক ৯২ বিলিয়নে নেমে যায়।

আইএমএফের ঋণের শর্ত মেনে ২০২৩ সালের জুন থেকে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ পতনের সময় যা ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। পরে বাড়তে বাড়তে চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ায়। গত ১৪ জুন তা ৩১ বিলিয়নের ঘর ছাড়ায়।
২০২৪ সালের আগস্টের পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের উচ্চ প্রবাহ রয়েছে। গত অর্থবছরের জুনে সামান্য কমলেও পুরো অর্থবছরে বেড়েছে। ঈদের পরের মাস জুনে প্রবাসীরা ২৮১ কোটি ৬৯ লাখ ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই মাসে আসে ২৮২ কোটি ২৫ লাখ ডলার। এর আগের টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি এসেছিল।

আরও পড়ুন

×