বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেম আর নেই
আব্দুল মোনেম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০১:৪৫ | আপডেট: ৩১ মে ২০২০ | ০৫:০৬
বিশিষ্ট ব্যবসায়ী, দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আব্দুল মোনেম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোনেম আর নেই।
রোববার সকালে ঢাকার সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিঊন)।
আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চলের পরিচালক আব্দুল গফুর জানান, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে আব্দুল মোনেম সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
নির্মাণ খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এএমএল কন্সট্রাকশন আব্দুল মোনেম গ্রুপেরই প্রতিষ্ঠান। এই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইগলু ফুডস, ড্যানিস বাংলা ইমালসন, সিকিউরিটি ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইগলু ডেইরি প্রোডাক্টস লিমিটেড, সুগার রিফাইনারি লিমিটেড, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এএম আসফাল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিকস লিমিটেড, এএম ব্র্যান অয়েল কোম্পানি উল্লেখযোগ্য। এএম বেভারেজ ইউনিটও আব্দুল মোনেম গ্রুপের একটি প্রতিষ্ঠান, যা কোকাকোলা ব্র্যান্ডের কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইট বোতলজাত করে আসছে।
২০১৫ সালে আব্দুল মোনেম ইকোনমিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপে পরিণত হয় আব্দুল মোনেম গ্রুপ।